নেপালে ট্রফি জেতা হলো না বাংলাদেশের

নেপালে আমন্ত্রণমূলক ত্রিদেশীয় টুর্নামেন্টে শিরোপা জেতা হলো না বাংলাদেশের। আসরের ফাইনালে জামাল ভূঁইয়াদের হারিয়ে শিরোপা উল্লাসে মাতল স্বাগতিকরাই।

সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল।

প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ১৮ ও ৪২ মিনিটে গোল দুটি হজম করেছে জেমি ডের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে কেবল একটি গোল পরিশোধ করতে পেরেছে।

ফলে ২০০৩ সালে সবশেষ সাফ ফুটবলে শিরোপা জয়ী বাংলাদেশের আরেকটি ট্রফি জেতার অপেক্ষা ফুরাল না। দীর্ঘায়িত হলো শিরোপার খরা।

ম্যাচের ১৮ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বল থেকে গোল আদায় করেন সানজগ রাই। এগিয়ে যায় স্বাগতিকেরা। বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪২ মিনিটে বিশাল রাই ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে মাহবুবুর রহমান সুফিল বাংলাদেশের পক্ষে ব্যবধান কমানো গোলটি করেন।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নেপালের সানজগ রাই। টুর্নামেন্ট সেরা হয়েছেন একই দলের রোহিত চান্দ।

আসরের তৃতীয় দল ছিল কিরগিজস্তান অলিম্পিক দল (অনূর্ধ্ব-২৩)। প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হয়। সেরা দুটি দল পায় ফাইনালের টিকিট।

দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে সর্বাধিক ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। নেপাল দুই ম্যাচেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিল। আর দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া কিরগিজস্তান আসর থেকে ছিটকে যায়।

শনিবার লিগ পর্বে এই নেপালের বিপক্ষেই খেলেছে বাংলাদেশ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।