ব্রাহ্মণবাড়িয়ার সব ঘটনা তদন্ত করবে বিশেষজ্ঞ দল: ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়ায় গত কয়েকদিনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ দল তদন্ত করবে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও প্রেসক্লাবসহ আগুনে পুড়িয়ে দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, এখানে ২০টিরও বেশি ঘটনাস্থল রয়েছে। সব ঘটনাতেই মামলা প্রক্রিয়াধীন আছে। সিআইডি এবং পিবিআই বিশেষজ্ঞ দল ডাকা হয়েছে। তারা প্রতিটি ঘটনাস্থল ঘুরে আলামত সংগ্রহ করবে। প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ দল তদন্ত করবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদ করে আসছিল হেফাজতে ইসলাম ও কয়েকটি বামপন্থি দল।

সুবর্ণজয়ন্তীর দিনও ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থাপনায় তাণ্ডব চালানো হয়। শহরের বঙ্গুবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর মুর‌্যালেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাত ও প্রাণহানির পর হেফাজতে ইসলাম রোববার সারাদেশে হরতাল ডাকে।

সেই হরতালে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের পশ্চিম মেড্ডা ও সরাইলের খাটিহাতায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থনকরীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।