জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগের মধ্যেকার দ্বিতীয় স্তরের ম্যাচে একদিনেই ২১ উইকেটের পতন হলো। সোমবার সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে রাজত্ব করল বোলাররা।
টস জিতে আগে ব্যাট করতে নামা বরিশালকে প্রথম ইনিংসে ৮২ রানে গুটিয়ে দেয় রাজশাহী। দলটির পক্ষে সানজামুল ইসলাম ও তাইজুল ইসলাম ৪টি করে উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন মোহর শেখ।
বরিশালের পক্ষে মাত্র চারজন দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। সর্বোচ্চ ১৮ রান করেন মইন খান।
তবে বরিশালকে এত অল্প রানে গুটিয়ে দিলেও নিজেদের লিডটা বড় করতে পারেনি রাজশাহী। প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে যায় দলটি। বরিশালের সোহাগ গাজী নেন ৬ উইকেট।
রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন জুনায়েদ সিদ্দিকি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন তাইজুল। ৮৬ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা রাজশাহী দশে নামা তাইজুলের ব্যাটেই এক শ পেরোয়।
৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল ১ উইকেটে ২৩ রান তুলে দিন শেষ করেছে। এখনো ৪৬ রানে পিছিয়ে দলটি।