করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে আবদুল মতিন খসরু

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার তার জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্যারের সুগার সংক্রান্ত সমস্যার কারণে গতকাল আইসিইউতে নিতে হয়। এখন শারীরিক অবস্থা ভালো।’

আবদুল মতিন খসরুর পূর্ণ সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন অ্যাডভোকেট আতিক।

গত ১৫ মার্চ আবদুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওই দিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। রবিবার রাত ১২টার দিকে আবদুল মতিন খসরুকে আইসিইউতে নেওয়া হয়।

সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু গত ১৩ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন।

সিনিয়র এই আইনজীবী কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) থেকে টানা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। বর্তমানে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান।