হেফাজতে ইসলামের হরতালকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সেখানে যাবেন।
জানা গেছে, প্রতিনিধি দলে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ায় যাওয়ার কথা ছিল। তবে স্বপন শারীরিক অসুস্থতার জন্য যাবেন না।
হরতালকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা করা হয়। হরতালের সমর্থকেরা বঙ্গবন্ধুর ম্যুরালে আগুন দেন। সরকারি-বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান, দুটি মন্দির, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন, ভূমি অফিস, জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, পৌর মিলনায়তন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জেলা সরকারি গণগ্রন্থাগারসহ জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতেও আগুন দেয় এবং ভাঙচুর চালায়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, থানা ভবন, পুলিশের কার্যালয় এমনকি ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনও হামলা-ভাঙচুরের কবল থেকে রক্ষা পায়নি।