ছবির প্রধান চরিত্র উত্তম কুমার। আর সেই ভূমিকায় ‘অভিনয় করছেন’ মহানায়ক নিজেই। না, পুরোনো দিনের কোনো সিনেমা নিয়ে কথা হচ্ছে না। কলকাতার সৃজিত মুখার্জির নতুন ছবি ‘অতি উত্তম’-এ নিজের চরিত্রে দেখা যাবে কিংবদন্তি অভিনেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের জানাচ্ছে, ‘অতি উত্তম’-এর নায়ক উত্তম কুমার। তবে বাকি ছবির মতো অন্য কোনো অভিনেতাকে দেখা যাবে না তার ভূমিকায়। স্বয়ং মহানায়কই অভিনয় করবেন নিজের চরিত্রে।
এই ছবির গল্প লেখা হয়েছে মহানায়ক ও তার এক একনিষ্ঠ ভক্তকে কেন্দ্র করে। সেই ভক্ত ব্যক্তিগত জীবনে প্রেমজনিত সমস্যায় পড়লে প্রিয় নায়কের দ্বারস্থ হয়। হবে নাই বা কেন! কারণ উত্তমই তো বাঙালির ‘কিং অব রোম্যান্স’। ভক্তকে উদ্ধার করতে সেই সময় প্রকট হন স্বয়ং মহানায়ক।
কিন্তু কীভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন সৃজিত?
পরিচালক জানালেন, উত্তম কুমারের ৫৪টি ছবি ফুটেজ নিয়ে ভিএফএক্সের মাধ্যমে আরও একবার পর্দায় জীবন্ত করে তোলা হবে তাকে। মহানায়কের হাঁটাচলা, কথা বলা, নানা ধরনের অভিব্যক্তি এভাবেই ফের ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন সৃজিত।
এই ছবিতে দর্শকের সঙ্গে বেশ কিছু নতুন মুখের পরিচয় করাবেন সৃজিত। অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য এবং জিনা তরফদার রয়েছেন সেই তালিকায়। উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। এ ছাড়াও থাকবেন লাবণী সরকার এবং শুভাশিস মুখোপাধ্যায়।
টানা ৩ বছর ধরে ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত। তার সঙ্গেই চলেছে উত্তম কুমারের ছবি নিয়ে নানা গবেষণা। পরিচালকের প্রথম ছবি ‘অটোগ্রাফের ১০ বছর পূর্তিতে এই ছবি মহানায়কের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য।
সৃজিতের কথায়, ‘‘অটোগ্রাফ যেমন সত্যজিৎ রায় এবং উত্তমবাবুর প্রতি ট্রিবিউট ছিল, উত্তম কুমারের একনিষ্ঠ ভক্ত হিসেবে তাকে এই ছবির মাধ্যমে ফের ট্রিবিউট দিচ্ছি।”
রহস্যে মোড়া গল্প থেকে বেরিয়ে এই প্রথম ‘রোম্যান্টিক কমেডি’ তৈরি করেছেন সৃজিত। তবে পুরোনো বিষয়গুলোকে নতুন আঙ্গিকে পেশ করার অভ্যাসকে সঙ্গে নিয়ে চলেছেন পরিচালক। যেমনটা আগে দেখা গিয়েছে ‘গুমনামি’, ‘জাতিস্মর’-এর মতো ছবিতে।