যুক্তরাষ্ট্রে শিশুসহ ৪ জনকে গুলি করে মারল বন্দুকধারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেপরোয়া গুলির ঘটনায় শিশুসহ কমপক্ষে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।

লস অ্যাঞ্জেলসের ৫৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত অরেঞ্জ নগরীতে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

অরেঞ্জ পুলিশ বিভাগের বরাত দিয়ে স্থানীয় এসবিসি নিউজ চ্যানেল জানায়, তারা স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

মেট্রো সিটি ফায়ার অথোরিটি ডিসপাচ জানায়, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় এবিসি ৭ নিউজ চ্যানেল জানায়, পুলিশ কেবল ঘটনাস্থলে পাওয়া হতাহতের সংখ্যার কথা জানায়। কিন্তু এ গুলির ঘটনায় আর কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।

সন্দেহভাজন হামলাকারী নিরাপত্তা হেফাজতে রয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার ব্যাপারে কিছু বলা হয়নি।