অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, চলমান সহিংসতায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে কমপক্ষে ৪৩ শিশু নিহত হয়েছে।
তারা দেশটির পরিস্থিতিকে ‘দুঃস্বপ্ন’ বলে উল্লেখ করেছে।
সংস্থাটি বলছে, সবচেয়ে কম বয়সী নিহত শিশুর বয়স ৭ বছর। মান্দালয়ের ওই শিশুকে তার বাবার সামনেই হত্যা করা হয়।
বিবিসিকে পরিবারটি জানায়, মার্চের শেষ দিকে তাদের বাড়িতে তল্লাশিতে আসে পুলিশ। শিশুটির বাবাকে জিজ্ঞাসা করা হয়, বাড়িতে অন্য কোনো লোক আছে কিনা? তিনি না বললে তারা তল্লাশি শুরু করে। এ সময় শিশুটি বাবার দিকে দৌড়ে আসলে সরাসরি গুলি করা হয়।
স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থা বলছে, সামরিক অভ্যুত্থান বিরোধী চলমান দমন-নিপীড়নের মিয়ানমারে ৫৩৬ জন নিহত হয়েছে।
ইতিমধ্যে মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূর আসন্ন দিনগুলোর কঠোর ব্যবস্থা আরও রক্ত ঝরাতে পারে বলে সতর্ক করেছে।
মিয়ানমারে ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। দেশটির নেত্রী অং সান সু চিসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দী করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে একাধিক অভিযোগ। এর পর থেকে দেশটিতে চলছে বিক্ষোভ।
এ দিকে অভ্যুত্থান ও বিক্ষোভ দমনে সহিংসতা নিয়ে আন্তর্জাতিক চাপ থাকলেও মিয়ানমারের সেনারা তা বরাবরই অগ্রাহ্য করে যাচ্ছে। দেশটির বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞার ঘোষণাও এসেছে।