যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত বুধবারের এ ঘটনায় এক শিশুসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রয়টার্স বলছে, অরেঞ্জ শহরে গোলাগুলির এ ঘটনার খুব বেশি তথ্য পাওয়া যায়নি। শহরের পুলিশ বিভাগ এক ফেইসবুক পোস্টে লিখেছে, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বেশ কিছু সময় গোলাগুলি হয়। ঘটনাস্থলে থাকা হতাহতদের পরে উদ্ধার করা হয়।
সিএনএস ও টেলিভিশন চ্যানেল কেএনবিসি টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় দুজন আহত হয়েছেন। অরেঞ্জ শহরের একটি বাণিজ্য কেন্দ্রে গোলাগুলির এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বন্দুকধারী নিজেও এ ঘটনায় আহত হয়েছেন।