এভাবে চললে হাসপাতালে রোগী রাখার জায়গা থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় হাসপাতালের শয্যা সংখ্যা দ্রুত বৃদ্ধি করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

করোনার সংক্রমণ এভাবে বাড়তে থাকলে দেশে কোনো হাসপাতালেই রোগী রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘করোনার প্রকোপ দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে করে হাসপাতালের শয্যা সংখ্যা দ্রুত বৃদ্ধি করার বিকল্প নেই। এ কারণে সরকার কোভিড ডেডিকেটেড হাসপাতাল সংখ্যা বৃদ্ধি করাসহ সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করছে।’

বৃহস্পতিবার অনলাইনে ঢাকা মেডিকেল কলেজের নতুন ১০টি আইসিইউ বেড উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

জাহিদ মালেক বলেন, কোভিড ডেডিকেটেড হাসপাতাল সংখ্যা বৃদ্ধি করাসহ সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধির সরকারি পদক্ষেপের ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেটকে পুরোপুরি কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। এই হাসপাতালে মোট ১ হাজার ২৫০ করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে। এখানে ৫০টি আইসিইউ বেড ও ২০০টি এসডিও বেড রয়েছে। এর পাশাপাশি ১ হাজার আইসোলেশন বেড রয়েছে।

তিনি বলেন, এর বাইরে অন্যান্য সরকারি হাসপাতালের প্রতিটিতেই কোভিড শয্যা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮০০’র মতো করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে। এখানে প্রতিটি বেডেই হাইফ্লো নেজাল ক্যানুলা সুবিধা রয়েছে। ঢাকা মেডিকেলে আগের আইসিইউ, এসডিও’র সঙ্গে আরো ১০টি নতুন আইসিইউ বেড সংযুক্ত হলো। অন্যান্য সরকারি হাসপাতালেও করোনা রোগীদের জন্য সুবিধাদি বৃদ্ধি করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব মিলিয়ে হাসপাতালের এক ইঞ্চি জায়গা খালি থাকলেও কোন রোগীকে সেবাবঞ্চিত করা হবে না। কিন্তু তারপরও কথা থেকে যায়। যেভাবে প্রতিদিন করোনা বৃদ্ধি পাচ্ছে এভাবে চলতে থাকলে দেশে কোনো হাসপাতালেই রোগী রাখার জায়গা থাকবে না। এজন্য এখনই করোনা বৃদ্ধি ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ১৮টি নির্দেশনার যথাযথ বাস্তবায়নসহ সবস্থানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে না পারলে আগামীতে এই প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হোসেনসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সভার শেষ পর্যায়ে অনলাইন ভিডিও’র মাধ্যমে নতুন স্থাপিত ১০টি আইসিইউ বেডের ভিডিও চিত্র স্বাস্থ্যমন্ত্রীকে দেখান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।