সড়কে প্রাণ গেল ৮ জনের

রাজধানী ঢাকাসহ দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ আটজন নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক রিকশাচালক, কুমিল্লায় গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী, ফেনীতে ইজিবাইকের ধাক্কায় এক শিশু, নাটোরে ট্রাকচাপায় এক হেলপার, বাগেরহাটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি, মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক-আরোহী ও চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঢাকা : কারওয়ানবাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আবু হানিফ (৬০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। হানিফ পিরোজপুরের মঠবাড়িয়া থানার উত্তর মিঠাখালী গ্রামের বাসিন্দা। হানিফের ছেলে মো. নূরনবী বলেন, ‘গতকাল দুপুরে ঘটনাস্থলে পেছন থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা বাবাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে ওই অটোরিকশাচালক নিজেই বাবাকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আমরাও হাসপাতালে এসে দেখি বাবা আর বেঁচে নেই।’ তেজগাঁও থানার এসআই মতলেবুর রহমান জানান, ওই রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যান অটোরিকশাচালক।

কুমিল্লা : চান্দিনায় গাড়িচাপায় জাকির হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাকির সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আশ্রাফ উদ্দিন মাস্টার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কুমিল্লায় যাওয়ার পথে একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই জাকিরের মৃত্যু হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে কোন গাড়ি ধাক্কা দিয়েছে, তা এখনো শনাক্ত হয়নি।

ফেনী : সোনাগাজীতে ইজিবাইকের ধাক্কায় তাসলিমা আক্তার (৯) নামে এক শিশু নিহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় সোনাগাজী-কাশ্মীর বাজার সড়কে চরগণেশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাসলিমা সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের জহিরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় সোনাগাজী-কাশ্মীর বাজার সড়কের চরগণেশ এলাকায় রাস্তা পার হয়ে বাড়ি যাচ্ছিল তাসলিমা। এ সময় পেছন থেকে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে আহত হয় সে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে।

নাটোর : বড়াইগ্রামে ট্রাকচাপায় শাহীন হোসেন (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। গতকাল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানায়, ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক লাথুরিয়া এলাকায় মহাসড়কের পাশে বিকল হয়ে পড়ে। এ সময় ট্রাকের হেলপার পেছনে গিয়ে মেরামতের চেষ্টা করছিলেন। এ অবস্থায় অন্য একটি ট্রাক পেছন থেকে বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহীনের মৃত্যু হয়। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাগেরহাট : মোরেলগঞ্জে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুস্তম আলী শিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে সাইনবোর্ড-বগী আঞ্চলিক সড়কের জোকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার এসআই এসএম তরিকুল ইসলাম জানান, সকাল পৌনে ৯টার দিকে জোকা নামক স্থানে একটি বাস ও বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী রুস্তমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বাসচালক ও তার সহযোগী পালিয়ে গেছে।

মাদারীপুর : ডাসার থানা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্থাপাড়া এলাকায় ইসাবেলা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার আরাফাত কাজী (১৮) ও বরিশালের গৌরনদী উপজেলার তুহিন ফকির (১৯)। স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের পান্থাপাড়া এলাকায় ট্রাকটি বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়। আর আহতবস্থায় আরাফাতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম : সীতাকু-ে ট্রাকের ধাক্কায় জসিম উদ্দিন (৩৬) নামে মোটরসাইকেলচালক এক যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যার দিকে সলিমপুর বায়েজিদ বোস্তামী সড়কের ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। জসিম চট্টগ্রাম জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে ব্রিজের ওপর অপেক্ষা করছিলেন জসিম। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে পুলিশ।