আইইউবির নতুন উপ-উপাচার্য নিয়াজ আহমেদ খান

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) নতুন উপ-উপাচার্য হিসেবে গতকাল বৃহস্পতিবার যোগ দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আইইউবির উপ-উপাচার্য পদে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে এই নিয়োগ দেন।

অধ্যাপক নিয়াজ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান; ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজর; ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে (বিআইজিডি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজর; বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (অরণ্যক) ফাউন্ডেশনের চেয়ারম্যান।

অধ্যাপক খান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণা করেছেন। বিজ্ঞপ্তি