দ্রুত স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভারের বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একাডেমিতে (বিএনসিসি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীদের তালিকা এবার সংসদে পাস হবে এবং তারপর এ বছরেই তাদের নাম প্রকাশ করা হবে। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের নেতা ছিলেন। এ ছাড়া বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার, এই সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও জানান তিনি।