করোনা পরিস্থিতিতে সরকারকে সর্বোচ্চ সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘দেশে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা চলছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এখনই বিয়েসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ ও পর্যটন বন্ধ করতে হবে।’
দেশে সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘শুধু পার্বত্য চট্টগ্রামের তিন জেলার পর্যটন বন্ধ করলে চলবে না। কক্সবাজারসহ সারা দেশের পর্যটন বন্ধ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিদিন যে সমাবেশ, মিছিল বা মানববন্ধন হয়; তা বন্ধ করতে হবে।’
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারনাল মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।