বাংলাদেশ সফররত মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়, এ সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় উভয় দেশের সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ পরিচালনা, প্রতিরক্ষা বিষয়ে বিশেষজ্ঞ বিনিময়, পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, শুভেচ্ছা সফর এবং চলমান কভিড-১৯ মহামারী মোকাবিলায় চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়সমূহ প্রাধান্য পায়।
আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে সকালে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সফর শেষে প্রতিনিধিদলটি ৬ এপ্রিল মালদ্বীপে ফিরে যাবে।