আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার দাবি আসকের

আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ ও গুম, বন্দুকযুদ্ধ, ‘ক্রসফায়ার’, গোলাগুলিতে নিহতসহ সীমান্তে নির্যাতন ও হত্যার মতো ঘটনা অব্যাহত রয়েছে বলেও আসকের প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে আসক জানায়, গত তিন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ‘ক্রসফায়ারে’ ১৪ জন মারা গেছেন। এ ছাড়া থেমে নেই নারীর প্রতি সহিংসতার ঘটনা। বিশেষ করে ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন ও পারিবারিক নির্যাতনের ঘটনাও ঘটে চলেছে। বিএনপি, বাম জোট, প্রগতিশীল ছাত্র জোটসহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে পুলিশি বাধার ঘটনা ঘটেছে।

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য জানায় সংগঠনটি।

মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করে আইন ও সালিশ কেন্দ্র। করোনার এ সংকটকালে আসক সরকারের কাছে নাগরিকের সব ধরনের মানবাধিকারের সুরক্ষা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।