সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন কি না, তা জানা যাবে ৮ এপ্রিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জোবায়দার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি) ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল আপিল বেঞ্চ আদেশের জন্য ওই দিন ধার্য করে।
জোবায়দার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।
মামলার নথি অনুযায়ী, তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।