স্বাস্থ্য সচিব মান্নান করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

শুক্রবার তাকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. গোলাম কিবরিয়া জানান, স্যার দুপুরের দিকে ভর্তি হয়েছেন। তার অবস্থা এখন ভালো।

গত বছর জুন মাসে মান্নান স্বাস্থ্য সচিবের দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তার স্ত্রী কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

দেশে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মান্নান।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানাও করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। শুক্রবার এক ফেইসবুক পোস্টে তিনি নিজেই সে খবর জানিয়েছেন।