সেতু সংস্কার হয়নি সাঁকো বানিয়ে দিলেন যুবলীগ নেতা

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের সঙ্গে চলাচলের একমাত্র বেইলি ব্রিজটি ধসে পড়ার ১৫ দিনেও সংস্কার হয়নি। এ অবস্থায় জনগণের ভোগান্তি লাঘবে ওই ব্রিজের পাশে নিজের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছেন পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু।

স্থানীয়রা জানায়, নগরকান্দা পৌরসভাকে বিভক্ত করে বয়ে গেছে কুমার নদ। প্রায় আড়াই যুগ আগে কুমার নদের ওপর নির্মিত হয় একটি বেইলি ব্রিজ। এরপর গত ২০ মার্চ ১০ চাকার একটি বালিভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ে সেটি। এতে ফরিদপুর জেলা সদরের সঙ্গে নগরকান্দাসহ আশপাশের অঞ্চলের সঙ্গে সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানকার অধিবাসীরা চলাচলে পড়েন মারাত্মক সমস্যায়।

নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি বোরহানউদ্দিন আনিস বলেন, ধসে যাওয়ার পর গত ১৫ দিনেও বেইলি ব্রিজটি সংস্কার না হওয়ায় স্থানীয়রা অসহনীয় দুর্ভোগে পড়েন। বিষয়টি বিবেচনা করে নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু নিজস্ব অর্থায়নে দুটি বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছেন।