করোনায় ফের বন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

করোনাভাইরাস সংক্রমণের কারণে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে পার্ক কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পার্ক বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির।

তিনি বলেন, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় ৩ এপ্রিল থেকে আগামী ১৪ দিন সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কভিড-১৯-এর সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ২০২০ সালের ২০ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করেছিল। পরে করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছরের ১ নভেম্বর পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।