নরসিংদীতে করোনাভাইরাসে মো. আসাদুজ্জামান (৫৬) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা আসাদুজ্জামান গত ১ বছর ধরে নরসিংদী পুলিশ লাইনস্ এ সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে কর্মরত ছিলেন।
জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।
কর্মজীবনে আসাদুজ্জামান আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
করোনাযুদ্ধে পুলিশের দক্ষ এই কর্মকর্তার মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে তার এমন আত্মত্যাগের জন্য পুলিশের প্রতিটি সদস্য গর্বিত।