বেইলী রোডে বাসার ছাদ থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

রাজধানীর নিউ বেইলী রোডের একটি বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে লাবণ্য প্রামাণিক (৫৭) নামে এক নারীর আত্মহত্যা করেছেন।

 রবিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস মোল্লা জানান, খবর পেয়ে সকালে নিউ বেইলী রোডের ১৪৬ নম্বর বাসার নিচ থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

তার স্বামীর নাম তাপস প্রামাণিক। বেইলী রোডের ওই বাড়িটির ১২ তলাতে নিজেদের ফ্ল্যাটে স্বামীর সঙ্গে থাকতেন তিনি।

এসআই বলেন, তিনি ২০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।

মৃত লাবণ্যর বাসার ড্রাইভার রিপন বদ্দি জানান, লাবণ্যের বাড়ি নড়াইলে। নিউ বেইলি রোডের বাসাটিতে স্বামী-স্ত্রী থাকতেন। তার স্বামী ব্যবসায়ী। তাদের একমাত্র ছেলে অরিন্দম প্রামাণিক তার স্ত্রী-সন্তান নিয়ে কানাডাতে থাকেন।

তিনি আরও জানান, লাবণ্য প্রামাণিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে স্বামী-স্ত্রী দুজনই বাসায় ছিলেন। সকাল ১০টার একটু আগে লাবণ্য ছাদে যান হাঁটাহাঁটি করতে। কিছুক্ষণ পরই শুনতে পাই তিনি নিচে পড়ে গেছেন।