টিকা নিয়েও করোনায় আক্রান্ত মেহের আফরোজ চুমকি

করোনা টিকা নেওয়ার প্রায় ২ মাসের মধ্যে কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

এর আগে তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনা টিকা আনুষ্ঠানিক উদ্বোধনকালে নিজ সংসদীয় এলাকায় গাজীপুর জেলার প্রথম সংসদ সদস্য হিসেবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন।

রবিবার দুপুরে মেহের আফরোজ চুমকির করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মো. মাজেদুল ইসলাম সেলিম।

তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এরপর থেকে তিনি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। এ কারণে তিনি গত ২ এপ্রিল করোনা পরীক্ষার নমুনা দেন। পরদিন শনিবার নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

তখন থেকেই তিনি হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তবে শারীরিকভাবে তিনি এখন সুস্থ আছেন।

তিনি তার রোগমুক্তির জন্য সকল নেতা-কর্মীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন বলেও জানান এপিএস মাজেদুল ইসলাম সেলিম।