করোনার বিস্তার প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, সামান্য উদাসীনতা দেশকে মৃত্যু উপত্যকায় নিয়ে যাবে।
রবিবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে গণপরিবহন বন্ধ থাকবে তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।’
জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে আরও কঠোর হতে হবে। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আর কোনোভাবেই উদাসীনতা দেখানোর সুযোগ নেই।
সোমবার থেকে শুরু হওয়া লকডাউন তথা কঠোর বিধিনিষেধ কার্যকর করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, জীবনের থেকে জীবিকা কোনোভাবেই বড় নয়। আগে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচাতে সহযোগিতা করুন।
সারাদেশে সীমিত আকারে ঘরোয়াভাবে রাজনৈতিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সামান্য উদাসীনতায় দেশকে মৃত্যু উপত্যকায় নিয়ে যাবে। তাই নিজের জন্য হলেও শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, দুর্যোগে জনগণের দুর্ভোগ বাড়াবেন না।