জেমি ডে’কে কারণ দর্শানোর নোটিশ

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়ার জন্য টাইগারদের কোচ জেমি ডে'কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।

আনফা সূত্রে জানা গেছে, ৪৮ ঘণ্টার মধ্যে জেমিকে জবাব দিতে হবে।

জবাব পাওয়ার পর তা আনফা তাদের ডিসিপ্লিনারি কমিটিকে পাঠাবে। ডিসিপ্লিন কমিটিই সিদ্ধান্ত নেবে জেমির ভাগ্যে কী আছে। ধারণা করা হচ্ছে, এই নিয়ম ভাঙার কারণে জেমিকে জরিমানা গুনতে হতে পারে।

গত ২৯ তারিখ ফাইনালে নেপালের কাছে ২-১ গোলে হারের পর জেমি ডে সংবাদ সম্মেলনে না গিয়ে ফিফার নিয়ম ভাঙেন। ফিফা ও এএফসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচের উপস্থিতি বাধ্যতামূলক। যা মানেননি জেমি ডে।

জেমি ছুটি নিয়ে রবিবার নিজ দেশের বিমান ধরেছেন। কভিড পরিস্থিতি বুঝে ঢাকায় ফিরবেন তিনি।