মিসরের রাজকীয় মমিগুলোকে নতুন একটি জাদুঘরে স্থানান্তর করেছে দেশটির কর্র্তৃপক্ষ। গত শনিবার জমকালো এক শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হয় সেগুলোকে। রাজপরিবারের রক্ত ও মর্যাদার কথা বিবেচনা করে এ শোভাযাত্রা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
রাজকীয় মমিদের সংরক্ষণ প্রক্রিয়া জোরদারের অংশ হিসেবে ফুসতাত এলাকায় স্থাপিত নতুন জাদুঘরে নিয়ে যাওয়া হয়েছে ইতিহাসের সাক্ষী এসব মমিগুলোকে। পুরো আয়োজনে ব্যয় হয়েছে কয়েক মিলিয়ন ডলার।
শনিবার জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল শোভাযাত্রার মধ্য দিয়ে প্রাচীন মিসরীয় সভ্যতার ১৮ জন রাজা ও চারজন রানীর অক্ষতপ্রায় এসব মমি নিয়ে যাওয়া হয় সেখানে। এ সময় ২১ বার গান স্যালুট দিয়ে তাদের স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট জেনারেল সিসি। ইউনেস্কো ও বিশ্ব পর্যটন সংস্থার প্রধানরাও নতুন জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য প্যারেডের সাজানো গোছানো গাড়িতে করে এসব প্রাচীন শাসকের মমি নিয়ে যাওয়া হয় তাদের নতুন নিবাসে। মিসরীয় সভ্যতার ওপর নির্মিত নতুন এ জাদুঘরটির নাম দেওয়া হয়েছে ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশন। শনিবার ঠিকানা বদল করা এসব রাজা-রানীদের মধ্যে সপ্তদশ শতাব্দীর রাজা দ্বিতীয় সেকেনেনরে থেকে শুরু করে খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দীর রাজা নবম র্যামসেসও রয়েছেন।