আইপিএল খেলতে চেন্নাইয়ে ৭ দিনের কোয়ারেন্টাইন শেষে কেকেআর ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে, কাল থেকে কোয়ারেন্টাইন শুরু করেছেন মোস্তাফিজুর রহমান।
২৮ মার্চ কলকাতা হয়ে চেন্নাই গিয়ে হোটেলে কঠোর কোয়ারেন্টাইনে ঢুকেছিলেন সাকিব। শনিবার সেই নিভৃতবাস শেষ হয় তার। গতকাল চিদাম্বরম স্টেডিয়ামে পুরোমাত্রায় অনুশীলন করেন তিনি। নাইটদের সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, আজ কলকাতার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলবেন সাকিব। চেন্নাইয়ে ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন হবে কলকাতার। অন্যদিকে গতকাল সকাল ঢাকায় ফিরে বিকেলেই কলকাতা চলে গেছেন মোস্তাফিজ। কভিড প্রটোকলের কারণে শাহজালাল বিমানবন্দর থেকে বের হননি তিনি। বিকেল ৩.৪০ মিনিটে ভারতীয় এক বিমানে প্রথমে কলকাতা, পরে মুম্বাইয়ে চলে যান তিনি। সেখানে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, পাঞ্জাব কিংসের সঙ্গে। ৯ এপ্রিল শুরু হচ্ছে ১৪তম আইপিএল।