বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘ইতিহাসের মহানায়ক’ বইয়ের মোড়ক উন্মোচন

মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘ইতিহাসের মহানায়ক’ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার)। গতকাল রবিবার দুপুরে সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি (নতুন কমিটি এখনো দায়িত্ব গ্রহণ করেনি) ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি প্রকাশনার আয়োজন করেছি। আইনজীবী, আদালত, আইনের শাসন ও বিচার বিভাগ নিয়ে বঙ্গবন্ধু কী ভেবেছেন, সে বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রকাশনা।’

বইটিতে খসড়া শাসনতন্ত্র নিয়ে পাকিস্তান আইন পরিষদে শেখ মুজিবের ভাষণ, আগরতলা ষড়যন্ত্র মামলায় তার জবানবন্দি, খসড়া সংবিধান প্রসঙ্গে গণপরিষদে বঙ্গবন্ধুর ভাষণসহ বেশকিছু বিষয় উল্লেখিত হয়েছে। পাকিস্তান কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তির পেছনে তৎকালীন ঢাকা হাইকোর্ট বারের ভূমিকার বিষয়টিও স্থান পেয়েছে। গ্রন্থটিতে যাদের লেখা প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস প্রমুখ।