দেশের তিন জেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কুমিল্লা সদরে বালুবাহী ড্রামট্রাকের চাপায় তিন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
কুমিল্লা : সদর উপজেলায় বালুবাহী ড্রামট্রাকের চাপায় তিন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে শহরের পালপাড়া গোমতী ব্রিজসংলগ্ন আড়াইওরা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় শহরতলী ডুমুরিয়া চাঁনপুর এলাকার হেলাল মিয়া (৬০), মতিন মিয়া (৬৫) ও আবদুল কাদের (৭০)। স্থানীয়রা জানান, গতকাল সকাল ১০টার দিকে ডুমুরিয়া চাঁনপুর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে গোমতী নদীর ময়নামতি অংশে মাছ ধরতে যাচ্ছিলেন ছয় যাত্রী। পথে আড়াইওরা চৌরাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং ঢাকা নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
মুন্সীগঞ্জ : সিরাজদিখানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-নাবাবগঞ্জ সড়কের তুলসীখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মোঘারচর গ্রামের অটোরিকশার চালক উজ্জ্বল ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার পার্বতীপুর গ্রামের মো. মামুন। অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নওগাঁ : মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক সড়কের জিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরিফুল এনায়েতপুরের বিষ্ণুপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে।