বিভিন্ন শ্রেণির মুক্তিযোদ্ধাদের জন্য আরও ভাতা

বীর মুক্তিযোদ্ধাদের নতুন করে আরও কিছু ভাতা দেবে সরকার। শ্রেণি অনুযায়ী তারা দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ও বিজয় দিবস ভাতা পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে ‘খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতাদি’ দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এখন থেকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে বছরে দুটি উৎসব ভাতা এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে বাংলা নববর্ষ ভাতা দেবে সরকার। এছাড়া জীবিত বীর মুক্তিযোদ্ধাদের পাঁচ হাজার টাকা করে বিজয় দিবসের ভাতা দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সাধারণ বীর মুক্তিযোদ্ধারা সব ধরনের ভাতা পাচ্ছেন। তবে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার উৎসব ভাতা, বিজয় দিবস ও বাংলা নববর্ষ ভাতা পাচ্ছিলেন না।”

“তারা ১০ হাজার টাকা হারে দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার টাকা এবং বিজয় দিবস ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা পাবেন।”

বর্তমানে ৫ হাজার ২২২ জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে পঙ্গুত্বের ধরন অনুযায়ী চার শ্রেণিতে (এ, বি, সি ও ডি) মাসিক ৪৫ হাজার টাকা থেকে সর্বনিম্ন ২৫ হাজার টাকা, ৯৫২ জন প্রয়াত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারকে মাসিক ২৫ হাজার টাকা, ৫ হাজার ৮১৬ জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মাসিক ৩০ হাজার টাকা হারে সম্মানি ভাতা এবং বছরে ১০ হাজার টাকা হারে দুটি উৎসব ভাতা দেওয়া হচ্ছে।

৭ বীরশ্রেষ্ঠ পরিবারকে মাসিক ৩৫ হাজার টাকা হারে, ৬৮ বীর উত্তম পরিবারকে মাসিক ২৫ হাজার টাকা হারে, ১৭৫ বীর বিক্রম পরিবারকে মাসিক ২০ হাজার টাকা হারে এবং ৪২৬ বীর প্রতীক পরিবারকে মাসিক ১৫ হাজার টাকা হারে সম্মানি ভাতা দেওয়া হচ্ছে।

মন্ত্রিসভা বৈঠকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ১০ হাজার হারে দুটি উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে নববর্ষের ভাতা হিসেবে দুই হাজার টাকা এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়।