বন্ধুর মিডিয়া ফেলোশিপ পেলেন দেশ রূপান্তরের নয়ন

পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়ন নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু) বিভাগীয় মিডিয়া ফেলোশিপ পুরস্কার পেয়েছেন দেশ রূপান্তরের নয়ন চক্রবর্তীসহ ১৬ সাংবাদিক। 

সোমবার সকালে অনলাইন কনফারেন্সের মাধ্যমে পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। 

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং স্বীকৃতির বিষয়ে গঠনমূলক সংবাদ পরিবেশনার জন্য ঢাকা ছাড়া দেশের সাত বিভাগ থেকে মোট ১৬ জনকে বিভাগীয় মিডিয়া ফেলোশিপ-২০২০ দেওয়া হয়। 

চট্টগ্রাম বিভাগ থেকে দেশ রূপান্তরের রির্পোটার নয়ন চক্রবর্ত্তী, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের মিঠুন চৌধুরী, সিপ্লাসের স্বরূপ ভট্টাচার্য্য, দৈনিক গণমুক্তির আহসান হাবিবুল আলম, বৈশাখী টিভির নাঈমুল ইসলাম চৌধুরী, রংপুরের লাবনী ইয়াসমিন জিতু কবীর, ফরহাদুজ্জামান ফারুক, নাজমুল ইসলাম নিশাত, সিলেট থেকে সুবর্ণা হামিদ, সাত্তার আজাদ ও নাসির উদ্দিন, ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কনিক, আবু সালেহ মো. মুসা, খুলনা থেকে সাইফুল ইসলাম ও রাজশাহী থেকে মো. রেমন আলী।

ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় ২০১৭ সাল থেকে বিভাগীয় পর্যায়ে মিডিয়া ফেলোশিপ দেওয়া হচ্ছে। এবার প্রিন্ট ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে ঢাকা ছাড়া দেশের অন্য ছয় বিভাগ থেকে ফেলোশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ ছাড়া ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর স্বীকৃতি ও সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে যুক্ত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে কেন্দ্রীয়ভাবে মিডিয়া ফেলোশিপ দিচ্ছে ‘বন্ধু’।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ব্যাপারে মিডিয়ার অনেকেই যথেষ্ট ধারণা রাখেন না। এই ফেলোশিপের মাধ্যমে সাংবাদিকরা এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তাদের প্রতিবেদনের মাধ্যমে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম, হিউম্যান রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ মানবাধিকার উপদেষ্টা হুনা খান, ইউএসএআইডি’র প্রতিনিধি স্লাভিকা

রেডোসেভিক, ‘বন্ধু’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিসহ ‘বন্ধু’র মিডিয়া ফেলোরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্য রাখেন বন্ধু সংস্থার পরিচালক (পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড হিউম্যান রাইটস) উম্মে ফারহানা জারিফ কান্তা।