করোনা চিকিৎসা

হেপাটাইটিস সি ওষুধের অনুমোদনের আবেদন ভারতে

কভিড-১৯ রোগের চিকিৎসার জন্য হেপাটাইটিস সি-র একটি ওষুধ ব্যবহারের অনুমোদন চেয়েছে ভারতের ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড। শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ওই ওষুধটি ব্যবহার করে আশাব্যঞ্জক অন্তর্বর্তী ফল পাওয়া গেছে বলে ওষুধ প্রস্তুতকারক কোম্পানিটি গতকাল সোমবার জানিয়েছে। স্টক এক্সচেঞ্জগুলোকে দেওয়া এক বিবৃতিতে ক্যাডিলা বলেছে, প্রাথমিক পর্যায়ে হেপাটাইটিস সি-র ওষুধটির একটি একক ডোজ কভিড-১৯ রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে ও রোগের পরবর্তী পর্যায়ে দেখা দেওয়া জটিলতা এড়াতে সহায়তা করতে পারে।

তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের উদ্ধৃতি দিয়ে কোম্পানিটি বলেছে, এই ওষুধটি দিয়ে চিকিৎসা দেওয়া প্রায় ৯১ শতাংশ রোগী মানসম্পন্ন আরটি-পিসিআর পরীক্ষায় সাত দিনের মধ্যে কভিড-১৯মুক্ত হয়েছেন আর যাদের প্রচলিত চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের মধ্যে এ হার ৭৯ শতাংশ ছিল। এই ওষুধটি পেগিলেইটেড ইন্টারফেরন আলফা-টুবি নামে পরিচিত এবং ক্যাডিলা এটিকে ‘পেগিহ্যাপ’ নামকরণ করেছে বলে জানিয়েছে রয়টার্স।

১০ বছর আগে ভারতের বাজারে আসা এ ওষুধটি হেপাটাইটিস সিজনিত লিভার রোগের চিকিৎসার জন্য অনুমোদন পেয়েছিল।