খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানকে অব্যাহতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান  সোহেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ সংক্রান্ত একটি চিঠি দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গুলশানে  চেয়ারপারসনের দপ্তরে ইস্যু করা হয়েছে। চিঠিটি গতকালই মারুফ কামাল খানের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। 

গত ১ মার্চ রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বিএনপির বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের ব্যানারে বিএনপি চেয়ারপারসনের ছবি না থাকার বিষয়টি নিয়ে ফেইসবুকে আয়োজকদের সমালোচনা করে স্ট্যাটাস দেন মারুফ কামাল। কমিটির দায়িত্বে থাকা অনেকেই এ নিয়ে তার ওপর ক্ষুব্ধ হন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।