মাঠের ক্রিকেটে মোটেও ভালো অবস্থানে নেই বাংলাদেশ। করোনা বিরতি কাটিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা টাইগারদের। ওয়ানডে সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স মিললেও টেস্ট সিরিজ থেকেই ভিন্ন চিত্র। সদ্য নিউজিল্যান্ড সফরটা তো শেষ হয়েছে চূড়ান্ত ব্যর্থতায়। এ অবস্থায় টাইগারদের পারফরম্যান্স যেমন প্রশ্নবিদ্ধ, তেমনি প্রশ্ন উঠছে দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাজ নিয়েও।
এই দক্ষিণ আফ্রিকানের কাজে যে মোটও খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এ কথাও এখন সামনে আসছে। বিসিবির অন্যতম পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান তো বলেই দিলেন, ‘অবশ্যই আমরা সন্তুষ্ট নই (ডমিঙ্গোর পারফরম্যান্সে)।’
ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শুরুই হয়েছিল বিব্রতকর এক হার দিয়ে। ২০১৯ সালে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ২২৪ রানে হেরে যায় বাংলাদেশ। এরপর তার সময়ে খেলা সাত টেস্টের ছয়টিতেই হার। একটি মাত্র জয়টিও জিম্বাবুয়ের বিপক্ষে। ৯ ওয়ানডে খেলে ছয় জয়ের তিনটিতেও প্রতিপক্ষ একই। টি-টোয়েন্টিতে ১০ ম্যাচ খেলে পাওয়া তিন জয়ের দুটিতেও সামনে ছিল সেই জিম্বাবুয়েই।
ডমিঙ্গোর সময়ে বাংলাদেশের একমাত্র উল্লেখযোগ্য সাফল্য- ২০১৯ এর নভেম্বরে দিল্লিতে ভারতকে টি-টোয়েন্টিতে হারানো।
তবে ডমিঙ্গোকে আরেকটু সময় দিতে চায় বিসিবি। আকরাম বললেন, ‘সামনে আমাদের দুটি সিরিজ আছে। সেই দুটি শেষ হলেই আমরা পারফরম্যান্স মূল্যায়ন করতে বসব, এর আগে নয়।’
সামনে বাংলাদেশের দুটি সিরিজই শ্রীলঙ্কার বিপক্ষে, ঘরে ও শ্রীলঙ্কার মাটিতে। শুধু ডমিঙ্গো নন, কোচিং স্টাফের অন্য সদস্যদেরও পারফরম্যান্স মূল্যায়ন করা হবে এই দুই সিরিজে। বাদ যাবে না ক্রিকেটাররাও, এমনই ইঙ্গিত দিয়েছেন আকরাম।