পঞ্চগড়ে ইটভাটার মেশিনে ধাক্কা খেয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি ইটভাটায় কাজ করার সময় মাটির মন্ড তৈরি মেশিনে ধাক্কা খেয়ে শুকুর আলী (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের কুমপুকুরী এলাকার স¤্রাট নামে এক ব্যক্তির ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শুকুর আলী পাঁচপীর ইউনিয়নের হেলা আমতলা বাগানিয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

এসএসবি ইট ভাটার ম্যানেজার মো. রশিদুল ইসলাম জানান, প্রতিদিনের মত মঙ্গলবার সকালেও ইটভাটায় মাটির ঢিবিতে ইট তৈরির জন্য পানি দিয়ে মাটির মন্ড তৈরি করছিলেন শুকুর আলী নামে ওই শ্রমিক।

এ সময় তিনি মাটির ঢিবিতে কোদাল দিয়ে কোপ দিলে একটি মাটির বড় খন্ড তার ঘাড়ে এসে পড়ে। এতে তিনি গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম শুকুর আলীকে মৃত ঘোষণা করেন।

বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তার পুরো শরীর কাদা মাটিতে মাখানো ছিলো। সে মাথা, নাক ও মুখে গুরুতর আঘাত পাওয়ার কারণে নাক মুখ দিয়ে রক্ত ঝড়েছিল। সে কারণে তার মৃত্যু হতে পারে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিহতের পরিবারের লোকজন এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।