শরীয়তপুরে লিটন সিকদার সেজে কারাগার থেকে জামিনের কাগজপত্র দেখিয়ে বেরিয়ে গেছেন লিটন ফরাজী। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে শরীয়তপুর কারাগারের কারারক্ষী মোহাম্মদ ইব্রাহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় শরীয়তপুর কারাগারে এ ঘটনা ঘটে। সোমবার পালং মডেল থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে শরীয়তপুর জেলা কারাগার কর্তৃপক্ষ।
শরীয়তপুর কারাগারের ভারপ্রাপ্ত জেলার আমিরুল ইসলামের পালং মডেল থানায় করা জিডির আবেদনে বলা হয়েছে, ৪ এপ্রিল সন্ধ্যায় তিনি দুজন আসামিকে বিধিমোতাবেক মুক্তি দেন। কিন্তু দাপ্তরিক অনিচ্ছাকৃত ভুলের কারণে লিটন সিকদার সেজে প্রতারণা করে কারাগার থেকে বেরিয়ে গেছেন লিটন ফরাজী।
এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বরিশাল বিভাগের ডিআইজি প্রিজন টিপু সুলতানকে আহ্বায়ক এবং ফরিদপুর জেল সুপার আল মামুন ও ঝালকাঠির জেলার জান্নাত-উল-ফরহাদকে সদস্য করা হয়েছে।
বরিশাল বিভাগের ডিআইজি প্রিজন টিপু সুলতান বলেন, নামের ভুলের কারণে লিটন সিকদার সেজে কারাগার থেকে জামিনের কাগজপত্র দেখিয়ে বেরিয়ে গেছেন লিটন ফরাজী। তাই কারা অধিপ্তর তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। সেই মোতাবেক আমরা তদন্তর জন্য শরীয়তপুরে এসেছি। তদন্ত চলছে। লিটন ফরাজীকে হন্য হয়ে খুঁজছেন কারা কর্মকর্তারা।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, লিটন ফরাজীর দুইটি ঠিকানা বরিশাল উজিরপুর ও ঢাকা বাসাবো। জিডির ভিত্তিতে আমরা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে ম্যাসেজ দিয়েছি। লিটন ফরাজীকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ।
শরীয়তপুর কারাগারের জেল সুপার গোলাম হোসেন বলেন, লিটন ফরাজীর বাড়ি বরিশালের উজিরপুর। ঢাকার বাসাবোতে থাকেন। তার নামে তিনটি মামলা রয়েছে। আর লিটন সিকদারের বাড়ি খুলনার খালিশপুরে। দুজনই চুরি ও ছিনতাই মামলার আসামি।
তিনি বলেন, এ ঘটনায় শরীয়তপুর কারাগারের কারারক্ষী মোহাম্মদ ইব্রাহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।