‘হেফাজত নিয়ে বিবৃতিতে অনীহা’ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক কমিটির আহ্বায়কের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ড. এম হাবিবুর রহমানের বিরুদ্ধে হেফাজতের বিষয়ে বিবৃতি প্রদানে অনীহা, দল পরিচালনায় গড়িমসি ও দলের সঙ্গে ‘ইঁদুর-বিড়াল’ খেলার অভিযোগ এনে বিবৃতি দিয়েছেন স্টিয়ারিং কমিটির সদস্যরা।

মঙ্গলবার বিকেলে স্টিয়ারিং কমিটির সহ-আহ্বায়ক অধ্যাপক তারিকুল হাসান ও প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির ২০ সদস্যের কমিটির ১৬ জন এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, বর্তমান আহ্বায়ককে বারবার তাগাদা দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে স্টিয়ারিং কমিটির সভা আহ্বান করা হয়নি। হেফাজতসহ দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আহ্বায়কের গড়িমসি ও নিষ্ক্রিয়তা দেখা গেছে। প্রচলিত বিধি ও নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্যকে তাগিদ দিতে সাক্ষাতের ব্যবস্থা না করে স্টিয়ারিং কমিটির সদস্যদের অপমান করা হয়েছে। বর্তমান আহ্বায়কের স্বেচ্ছাচারী, আদর্শ বর্জিত ও নীতিহীন অবস্থান এবং প্রশাসনের দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিতের বিষয় সুকৌশলে এড়িয়ে যাওয়া অমর্যাদাকর।

বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ক্যাম্পাসে সব নিয়োগ বন্ধসহ নির্বাচিত স্টিয়ারিং কমিটির সঙ্গে উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ না করা বিষয়ে প্রতিবাদ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে দলকে অবজ্ঞা করা, বিভিন্ন শিক্ষককে নিপীড়ন, বিভিন্ন বিভাগে কক্ষ বণ্টনে অনিয়মসহ বেশ কয়েকটি বিষয়ে প্রতিবাদের সিদ্ধান্ত গৃহীত হলেও সেসব বাস্তবায়নে আহ্বায়কের ‘গড়িমসির’ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে জানতে জানতে চাইলে স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ড. এম হাবিবুর রহমান বলেন, ‘স্টিয়ারিং কমিটির সদস্যরা আমার বিরুদ্ধে একটি বিবৃতি দিয়েছেন বলে জানতে পেরেছি। তবে সেটি এখনো আমার হাতে আসেনি। বিবৃতি পড়ে না দেখা পর্যন্ত আমি এটি নিয়ে কোনো মন্তব্য করতে পারব না। বিবৃতি পড়ে বুধবার আমার বক্তব্য স্পষ্ট করব’।