ভারতের পাওয়া নতুন ধরনের ‘ডাবল মিউট্যান্ট’ করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক রোগীর দেহে শনাক্ত হয়েছে। সান ফ্রান্সিসকো বে এরিয়াতে ওই রোগী বাস করেন। গত সোমবার যুক্তরাষ্ট্র কর্র্তৃপক্ষ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে দ্য হিল।
খবরে বলা হয়েছে, স্ট্যানফোর্ড হেলথ কেয়ার ক্লিনিক্যাল ভাইরোলজি ল্যাবরেটরিতে ওই রোগীর দেহে এই নতুন ধরনের ভাইরাস পাওয়া গেছে। নতুন এই ধরনকে বলা হচ্ছে ডাবল মিউট্যান্ট। কারণ, এই ভাইরাস দু’বার পরিবর্তিত হয়েছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ পিটার চিন হং বলেন, ভারতীয় এই মিউটেশন দু’বার হচ্ছে। এমন বৈশিষ্ট্য প্রথম দেখা যাচ্ছে করোনাভাইরাসে।
বিশেষজ্ঞদের মতে, ডাবল মিউটেশন হলো কোনো একটা ভাইরাসে একই সঙ্গে দুটি মিউটেশন বা পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। ভাইরাসের স্পাইক প্রোটিনে দুটি মিউটেশন থাকার মানে হলো, সেটি আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় এবং ভাইরাসকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। ফলে এটি আরও বেশি সংক্রামক হয়ে ওঠে।
গবেষকরা এই ধরনে একজন আক্রান্তের কথা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আরও সাতজন একই ধরনে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে এটি নিশ্চিত হওয়ার আরও পরীক্ষার প্রয়োজন।