৫ হাজার ৮০০ কৃষিযন্ত্র বিতরণ করবে সরকার

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে ৫০০টি উপজেলায় ১৬১৭টি কম্বাইন হারভেস্টার, ৭০১টি রিপার, ১৮৪টি রাইস ট্রান্সপ্লান্টারসহ ৫ হাজার ৭৭৬টি বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র কৃষকের মাঝে বিতরণ করা হবে। এর মধ্যে হাওরে ধান সফলভাবে কাটার জন্য ৫১০টি  কম্বাইন হারভেস্টার ও ২৩১টি রিপার বিতরণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ‘কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের আওতায় সারা দেশে হারভেস্টার ও রিপার মেশিন বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন। এ সময় মন্ত্রণালয় থেকে এই তথ্য দেওয়া হয়। ৩ হাজার ২০০ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৫২ হাজার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে। 

কৃষিমন্ত্রী বলেন, ১০-১৫ বছর আগেও বাংলাদেশের কৃষি ছিল সনাতন পদ্ধতির। চাষাবাদ, মাড়াইসহ সব কাজ মানুষকে শারীরিকভাবে করতে হতো। লাঙলে চাষ হতো। এখন যন্ত্রের মাধ্যমে জমি চাষ ও ফসল মাড়াই হচ্ছে। কিন্তু ধানকাটা ও রোপণ মানুষকে করতে হচ্ছে। এতে ফসল উৎপাদনে খরচ অনেক বেশি ও সময় সাপেক্ষ। সেজন্য বর্তমান সরকার ২০০৯ সাল থেকে গত ১২ বছর ধরে অগ্রাধিকার ভিত্তিতে কৃষি যান্ত্রিকীকরণের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ৩ হাজার ২০ কোটি টাকার ‘কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের মাধ্যমে সারা দেশে ৫০ শতাংশ ও হাওর-উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে কৃষিতে নতুন অধ্যায় সূচিত হলো। কৃষি যান্ত্রিকীকরণে বিপ্লব ঘটবে। বাংলাদেশের কৃষিও পশ্চিমা বিশ্বের শিল্পোন্নত দেশের কৃষির মতো উন্নত ও আধুনিক হবে।