মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাজধানীর মুগদায় সাততলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। ওই তরুণীর নাম তনিমা রহমান নেহা (২০)। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
স্বজনদের ভাষ্য, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার ছাদ থেকে লাফ দেন নেহা। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। দুই ভাই-বোনের মধ্যে নেহা ছিলেন ছোট। তার বড় ভাই সিফাত রহমান এ বছর কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছেন।
নেহার বাবা এম মিজানুর রহমান জানান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন নেহা। সম্প্রতি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন তিনি। তার পর থেকে হতাশায় ডুবে ছিলেন নেহা।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডেন্টালে ভর্তির জন্যও চেষ্টা করেছিল নেহা। সেখানেও ভালো করতে পারেনি। এতে মানসিকভাবে ভেঙে পড়ে। মেডিকেলে ভর্তি হতে না পারার হতাশা থেকেই সন্ধ্যায় বাসার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে।’
মুগদা থানার এসআই নগেন্দ্র কুমার দাস জানান, নেহারা মুগদায় সাততলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। সন্ধ্যায় সাততলার ছাদে উঠে সেখান থেকে মাটিতে লাফ দেন। বিকট শব্দ হওয়ায় আশপাশের লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে।