ছেলের বিয়েতে ভূরিভোজের আয়োজন করে জরিমানা গুনলেন বিএনপি নেতা

হাতিয়ার এক বিএনপি নেতার ছেলের বিয়ের দাওয়াতে অধিক মেহমানের উপস্থিতির কারণে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছে। আদালত ও স্থানীয় সূত্র এ খবর নিশ্চিত করেছে।

দেশে করোনার প্রকোপ বেড়ে গেলেও হাতিয়ায় সরকারের নির্দেশনা অমান্য করে খবির মিয়ার বাজার সংলগ্ন হাতিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পৌর বিএনপি'র সভাপতি ও মেয়রপ্রার্থী কাজী আবদুর রহিম ধুমধাম করে নিজবাড়িতে  তার কানাডা প্রবাসী ছেলের বিয়ে উপলক্ষে মেজবানের আয়োজন করেন। 

স্বাস্থ্যবিধি না মেনে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে কয়েক হাজার মেহমানের সমাগম হ‌য়। ওই বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র। 
 
বিএনপি নেতা কাজী আবদুর রহিম দম্পতি করোনা মহামারিতে বিয়ের আয়োজন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারের নির্দেশনা ও আইন অমান্য করায় (সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ এর ২ ধারায়) একটি মামলা করেন।

মামলার পর বরের বাবা কাজী আব্দুর রহিমের অনুপস্থিতিতে তার মা ফাতেমা বেগমের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
তিনি পুলিশকে বিয়ের প্যান্ডেল ভেঙে ফেলার নির্দেশ দেন এবং মেহমানদের খাওয়া-দাওয়া নিষিদ্ধ ঘোষণা করেন । 
খবির মিয়ার বাজারের এক ওষুধ ব্যবসায়ী জানান বিয়ের  দাওয়াত উপলক্ষে আনা পাঁচটির মধ্যে তিনটি গরু জবাই করা হয়, প্রায় এক হাজার লোকের খাওয়া শেষ হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় চলাচল করা এবং মুখে মাস্ক পরার পরামর্শ দেন।