ম্যানসিটিতে ২০২৫ পর্যন্ত থাকছেন ডি ব্রুইন

ম্যানচেস্টার সিটিতেই হয়তো ক্যারিয়ারের ইতি টানতে পারেন কেভিন ডি ব্রুইন। সিটিজেনদের সঙ্গে আরও ২ বছরের চুক্তি নবায়ন করেছেন বেলজিয়ান মিডফিল্ডার। 

নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ইতিহাদে থাকবেন তিনি। ইতোমধ্যে ম্যানসিটির জার্সি গায়ে সাড়ে পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন ২৯ বছর বয়সী তারকা। এই নাতিদীর্ঘ সময়ের মধ্যে ইতিহাদে তো বটে, বিশ্বসেরা সৃজনশীল মিডফিল্ডার হিসেবেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। 

সিটিতে যোগ দেওয়ার পর থেকে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন ডি ব্রুইন। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দলের হয়ে প্রথম গোলটিও করেছেন তিনি। শেষ মুহূর্তের গোলে পেপ গার্দিওলার শিষ্যরাও ম্যাচটি জিতেছে ২-১ ব্যবধানে। 

চুক্তি নবায়নের পর ডি ব্রুইন বলেন, ‘এই ফুটবল ক্লাব সফলতার পথে হাঁটছে। আমার পারফর্ম্যান্সের জন্য প্রয়োজনীয় সবকিছু দেয় তারা। তাই এই চুক্তিতে নবায়ন সরাসরি সিদ্ধান্ত ছিল। আমি আমার ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছি এবং সত্যি হলো, এখানে আসার পর থেকে আমি তা অনুভব করছি।’ 

২০১৫ সালে যোগ দেওয়ার পর থেকে ম্যানসিটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ এবং চারটি লিগ কাপ জিতেছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। গত বছর পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।