মানিকগঞ্জে করোনায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি বুধবার দুপুর ২টা ২০ মিনিটে মানিকগঞ্জ আড়াই শয্যা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ।

আব্দুস সোবহান চেয়ারম্যানের ভাতিজির জামাতা মইনুল হোসেন বলেন, তিনি ২৭ মার্চ স্ত্রীসহ করোনা উপসর্গ নিয়ে সাটুরিয়া হাসপাতালে ভর্তি হন।

পরদিন ২৮ মার্চ করোনা পজিটিভ হলে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেলেন। তবে তার স্ত্রী বর্তমানে সুস্থ আছেন।

আব্দুস সোবাহন সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মানিকগঞ্জ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়াও বালিয়াটি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।