বাংলাদেশ গেমস: ফুটবলে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস পুরুষ ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সিলেট জেলাকে ২-০ গোলে হারিয়ে স্বর্ণ পদক জয় করে সেনাবাহিনী। বিজয়ী দলের হয়ে ইমন ও সঞ্জয় একটি করে গোল করেন।

২০ মিনিটে ইমন লিড এনে দেন সেনাবাহিনীকে। একেবারে শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন সঞ্জয়।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিকেএসপি ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সাতক্ষীরা জেলাকে। হ্যাটট্রিক করেন পিয়াস। এ ছাড়া মোরছালিন ও ফয়সাল দুটি করে গোল করেন। তৌহিদুল করেন অন্য গোলটি।