জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ও মীর মশাররফ হোসেন হলের মধ্যকার সংরক্ষিত বনাঞ্চল আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় সেখানে আগুন লাগে। ২টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আড়াই ঘণ্টার এ আগুনে দশ একরের বেশি এলাকা পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘আমরা দুপুর ১টায় ঘটনাস্থলে উপস্থিত হই। আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসকে জানাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এটা কোনো দুষ্কৃতকারীদের কাজ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিটেও আগুনের সূত্রপাত হতে পারে।’
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, ‘আগুন লাগার বিষয়টি জানার পরে আমরা ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এতে আমাদের দুটি ইউনিট কাজ করেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বলতে পারছি না।’
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘ক্যাম্পাসের অভ্যন্তরে প্রায়ই এমন আগুনের ঘটনা ঘটে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। গাছপালা ধ্বংসের পাশাপাশি ব্যাপক পরিমাণে কীট-পতঙ্গ ও নিশাচর প্রাণী আগুনে মারা যায়। আকারে ছোট হলেও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই প্রাণীদের বড় অবদান রয়েছে।’