গত ১ বছরে ভারতের ৩ শীর্ষ ধনী শিল্পপতির সম্পত্তির পরিমাণ বেড়েছে ১০০ বিলিয়ন ডলার বা ১০ হাজার কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লাখ ৪১ হাজার কোটি রুপি।
বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের সাম্প্রতিক তালিকা অনুযায়ী, ২০২১ সালে ভারতের শীর্ষ ধনী শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
তালিকায় বলা হয়েছে, আম্বানির সম্পত্তির পরিমাণ ৮৪.৫ বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লাখ ২৫ হাজার কোটি রুপি। অন্য দিকে আদানির সম্পত্তির পরিমাণ ৫০.৫ বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লাখ ৭৩ হাজার কোটি রুপি। তৃতীয় স্থানে আছেন এইচসিএল টেকনোলজির মালিক শিব নাদার। তার সম্পত্তির পরিমাণ সাড়ে ২৩ কোটি ডলার।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত ১ বছর ধরে করোনার জেরে দেশটির অর্থনীতির অবনতি হলেও শেয়ার বাজারে উন্নতি দেখা গেছে। ১ বছরে সেনসেক্সে বৃদ্ধি হয়েছে ৭৫ শতাংশ। এই শেয়ার বাজারে বৃদ্ধির প্রভাব ভারতের শিল্পপতিদের সম্পত্তির বৃদ্ধিতেও দেখা গিয়েছে।
এই ১ বছরে শুধুমাত্র জিয়ো থেকেই প্রায় ২ লাখ ৫৯ হাজার কোটি রুপি আয় করেন আম্বানি। এ ছাড়া ২০২১ সালে কোম্পানির দেনার পরিমাণও একদম কমিয়ে ফেলেছেন তিনি। খুচরো ব্যবসাতেও পা রেখেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি করে ভারতের খুচরো বাজারেও নিজের ছাপ ফেলতে চান তিনি।
বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানি যেমন ফেইসবুক, গুগলের সঙ্গেও চুক্তি করেছেন আম্বানি। নিজের কোম্পানির শেয়ার বিক্রি করেছেন। তার থেকেও আর্থিক লাভ হয়েছে ভারতের এই ধনকুবেরের। বেড়েছে সম্পত্তির পরিমাণ।
অবশ্য শুধুমাত্র ভারতেই নয়, গোটা বিশ্বজুড়েই শিল্পপতিদের সম্পত্তির বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে ফোর্বস। ১ বছরে শতকোটিপতিদের তালিকা বিশ্বে ১০২ থেকে বেড়ে ১৪০ হয়েছে। তাদের মিলিত সম্পত্তির পরিমাণও প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ৫৯৬ বিলিয়ন ডলার।