দক্ষিণ আফ্রিকার মাটিতে দু’বার ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি আছে অস্ট্রেলিয়ার। তাদের পাশে বসল পাকিস্তান। বুধবার সেঞ্চুরিয়নে ফাইনালে পরিণত সিরিজের শেষ ওয়ানডেতে ৩২০ রান করার পর ২৮ রানে স্বাগতিকদের হারিয়েছে বাবর আজমের দল। এর আগে ২০১৩ সালে মিসবাহ উল হকের নেতৃত্বাধীন পাকিস্তান ২-১ ম্যাচে এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল।
এবার বাবরের নেতৃত্বে এলো দ্বিতীয় সিরিজ জয়। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দল নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। দক্ষিণ আফ্রিকার মতো কঠিন জায়গায় টপ অর্ডার ভালো পারফর্ম করায় আরও খুশি। এটা আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে। এই ছন্দ আমরা ধরে রাখতে চাই।’ আগামীকাল থেকে শুরু হচ্ছে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জোহানেসবার্গে দুটি ম্যাচ খেলে সেঞ্চুরিয়নে ফিরে শেষ দুটি ম্যাচ খেলবে পাকিস্তান। সেই সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী পাকিস্তানি অধিনায়ক।
ঘরের মাঠে সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার বলেছেন, ‘আমি খুব হতাশ। ঘরের মাঠে আমরা কখনো সিরিজ হারটা পছন্দ করি না। কিন্তু পাকিস্তান ভালো খেলেছে। পুরো সিরিজ জুড়েই তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে।’ এমনিতেই আইপিএল খেলার জন্য ডি কক, ডেভিড মিলার, কাগিসো রাবাদারা থাকছে না। নতুন অধিনায়ক টেম্বা বাভুমা শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েছেন। ইনজুরির জন্য শেষ ওয়ানডেতে খেলতে না পারা রাসি ডুসেন নিশ্চিতভাবেই মিস করবেন টি-টোয়েন্টি সিরিজ। অন্যদিকে ফখর জামানকে তার দুই সেঞ্চুরির পারফরম্যান্সে টি-টোয়েন্টি দলে ঢুকিয়েছে পাকিস্তান।