প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি আইনে জাহিদুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম। এর আগে বুধবার রাতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি নুরানী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
শিক্ষক জাহিদুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের পুত্র। তিনি ভেলাবাড়ি নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছিলেন। জাহিদুল চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্র ছিলেন বলে পুলিশ জানায়।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জাহিদুল ইসলামকে তথ্যপ্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।