বিএসএমএমইউ

ফিভার ক্লিনিকে ১০০ শয্যার করোনা ইউনিট চালু

করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিকে চালু হলো ১০০ শয্যার করোনা ইউনিট। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সম্প্রসারিত এই করোনা ইউনিটের উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, ‘প্রাথমিকভাবে ৫০টি শয্যা নিয়ে বেতার ভবনের করোনা ইউনিটের রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী সময়ে আরও ৫০টি শয্যা বাড়ানো হবে। চলতি বছরের গত ২৯ মার্চের পর এই হাসপাতালে ১০০টি শয্যা ও ২০টি কেবিন বাড়ানো হয়েছে। আইসিইউ বেড আরও ১০টি বাড়ানো হবে অর্থাৎ কভিড-১৯ এর সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ১৫০টি করোনা বেড, ১০টি আইসিইউ বেড এবং ২০টি কেবিন বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ কয়েকটি মেশিন বাড়ানোর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা হলো বেতার ভবনে চালু করা নতুন করোনা ইউনিটে রোগী ভর্তি হবেন এবং তারা চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। তাছাড়া বর্তমানে করোনার নতুন আফ্রিকান ভ্যারিয়ান্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এই ভ্যারিয়ান্টে ৮১ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছে। এতে মৃত্যুহার কম হলেও রোগীরা দীর্ঘমেয়াদি বিভিন্ন সমস্যায় ভোগেন।

উদ্বোধনকালে আরও ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।