গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি, গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক লাখো কন্ঠ’র গাজীপুর প্রতিনিধি মো. রোমান শাহ আলম মারা গেছেন।
তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ২টার দিকে মারা যান। তিনি গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ছিলেন।
গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়েজীদ হোসেন জানান, গত ৩১ মার্চ জ্বর ও ঠান্ডার লক্ষণ দেখা দিলে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১ এপ্রিল বিকালে তার নমুনায় করোনা পজেটিভ ফল আসে ওই রাতেই তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। এ অবস্থায় বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি মারা যান।
তার দুই কন্যা ছাড়াও স্ত্রী রয়েছেন। তিনি গাজীপুর মহানগরের নিয়ামত সড়ক এলাকায় স্বপরিবারে বসবাস করতেন। সকালে নামাজে জানাজা শেষে তাকে গাজীপুর পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওই সাংবাদিক এ হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন। এখানকার করোনা ইউনিটে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ৩৪ জন ভর্তি আছেন।